হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে আনা হয় মামুনুল হককে।
এর আগে শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় মামুনুল হককে।
আদালত সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচারকাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।


































