বৃদ্ধকে ইট দিয়ে থেঁতলে আগুনে পুড়িয়ে হত্যা


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:০৯ এএম
বৃদ্ধকে ইট দিয়ে থেঁতলে আগুনে পুড়িয়ে হত্যা

খাগড়াছড়ি জেলার রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামের এক ব্যক্তিকে ইট দিয়ে থেঁতলে পরে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আরফিন শরীফ পাটোয়ারীকে (২৬) আটক করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। 

আটক আরফিন শরীফ পাটোয়ারী রামগড় রেস্টহাউসের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরফিন শরীফ পাটোয়ারী তার প্রতিবেশী চাইথোয়াই মারমাকে ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করে। পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, সম্প্রতি শরীফ তাদের ঘরে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ করলে শরীফ ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটায়। 

হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমেদ পাটোয়ারী জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড়ে এসে ঘটনাটি শুনেছেন। আবু আহমেদ আরও বলেন, তার ছেলেটি দুই বছর ধরে মানসিক রোগে ভুগছেন। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মোহাম্মদ উদ্দিন কাজেমী জানান, ঘটনার পর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। তদন্তে হত্যার কারণ জানা যাবে।

Link copied!