মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসফাত ইসতিয়াক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরটির টিনের চালা উড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত দুজন হলেন সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিণকান্দি গ্রামের সুমন শিকদার (২৬)।
ওসি ইসতিয়াক রাসেল আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণ আইনে মামলা হবে। এর আগেও এ ইউনিয়নের অন্তত চারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে ইউপি সদস্য মান্নান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান মো. চান মিয়া শিকদার জানান, ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে একশ্রেণির প্রভাবশালী এলাকায় অরাজকতা সৃষ্টির জন্য বোমা তৈরি ও বোমা বিস্ফোরণ করছে। এর ফলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তাহলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে।







































