• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭
ইলিশ সংরক্ষণ

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৪৫ কেজি ইলিশ জব্দ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১০:৩৩ এএম
নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৪৫ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে খুলনায় ৪৫ কেজি ইলিশ ও ৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (৪ অক্টোবর) খুলনার বিভিন্ন মাছের অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ত ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, এই সময় ৫ জনের বিরুদ্ধে মামলা ও ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়দেব পাল বলেন, “খুলনা জেলার ৩টি নদী, ১৫টি অবতরণ কেন্দ্র, ৩৮টি মাছ ঘাট, ৫৫টি আড়ত ও ৭৮টি মাছবাজারে অভিযান চালানো হয়। খুলনা মহানগরী ও ফুলতলা উপজেলায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তকী ফয়সাল তালুকদার এবং ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এছাড়া রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলাসহ জেলায় ১৩টি অভিযান চালানো হয়।

জয়দেব পাল আরও জানান, অভিযানে খুলনার আঠারো বেকী, আতরাই ও রূপসা নদী থেকে ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর মধ্যে তেরখাদায় ১০ কেজি ইলিশ, দিঘলিয়ায় ১৫ কেজি ইলিশ ও রূপসা থেকে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা ও ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়দেব পাল জানান, জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ফুলতলা উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, তেরখাদা উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস, দিঘলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লিয়াকত আলীসহ উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষেধাজ্ঞা অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Link copied!