• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:১৩ পিএম
সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৮ জনসহ মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ২.৩৪ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য দশমিক ৮৭ শতাংশ এবং মৌলভীবাজারে ২.৮৩ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৬০, সুনামগঞ্জে ৬ হাজার ২৪০, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জনসহ মৌলভীবাজারে ৮ হাজার ১১১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। 

এ নিয়ে বিভাগে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪২, সুনামগঞ্জের হাসপাতালে ৭, হবিগঞ্জের হাসপাতালে ১ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১ জন আছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৩৩১, সুনামগঞ্জে ৫ হাজার ৯৯৬, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৭০৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২০৮ জন সুস্থ হয়েছেন।

Link copied!