গভীর সমুদ্রবন্দর পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৭:৩২ পিএম
গভীর সমুদ্রবন্দর পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারের মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ হেলিকপ্টারযোগে তিনি মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রে অবতরণ করেন। সেখানে তিনি বিকাল সোয়া ৪টা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা দেন।

এর আগে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম শাহজাহান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে আজ বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে কক্সবাজার শহরে পৌঁছেন। মন্ত্রী কক্সবাজারে রাত্রিযাপন করবেন।

আগামীকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে যাবেন মন্ত্রী। সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশ নেবেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!