খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) বিরুদ্ধে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ এই টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে অফিসও করছেন না।
প্রকাশ যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে।
হাসপাতালের কর্মকর্তারা জানান, প্রকাশ বৃহস্পতিবার সকালে অফিসে এসে বিভিন্ন হিসাব নিয়ে বসেন। দুপুরে বোন মারা যাওয়ার কথা বলে হঠাৎ অফিস থেকে বের হয়ে যান। তারপর থেকে নিখোঁজ। গত তিন দিন অফিসে অনুপস্থিত। প্রকাশের বাসার লোকজন তার বিষয়ে কিছুই জানেন না।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “প্রকাশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”





































