রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিস্ফোরণস্থল থেকে আরও দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজমের ইন্সপেক্টর মো. শফিউদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোমা দুটি উদ্ধার করে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল।
পরে উদ্ধারকৃত বোমা দুটি চিত্রা নদী সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিঃস্ক্রিয় করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের কাউন্টার টেরিজমের বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল বিস্ফোরণ স্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে। পরে বোমা দুটি নিস্ক্রিয় করা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলটাকা পোড়া গ্রামে মেহগনি গাছ কাটতে গিয়ে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ তিনজন আহত হন।







































