কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয়।
আটকরা হলেন রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র্যাব-১৫ উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ট্রলারটি ধাওয়া করে সেখান থেকে সাড়ে চার লাখ ইয়াবা পাওয়া যায়।
তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে।
তানভীর হাসান আরও বলেন, “ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”





































