গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তির বাড়ি নওগাঁয়। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে মোট রোগী আছেন ১১৩ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬।







































