আদিবাসী নারীসহ ২ জনের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৪:১৪ পিএম
আদিবাসী নারীসহ ২ জনের মৃত্যু

সুনামগঞ্জে পৃথক ঘটনায় আদিবাসী নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার মধ্যনগর উপজেলায় এ ঘটনা ঘটে। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মৃতরা হলেন- বংশীকুন্ডা ইউনিয়নের গুলগাঁও গ্রামের সত্যলাল বৈরাগীর স্ত্রী বেলী রানী হাজং (২৬) ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মাসুক মিয়া (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা সীমান্তের গুলগাঁও গ্রামের বাসিন্দা কৃষক সত্যলাল বৈরাগীর সাথে তার স্ত্রী বেলী রানী হাজং এর বনিবনা হচ্ছিলনা। তাদের মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলছিল। গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তাদের মাঝে ঝগড়া হয়। তারই জের ধরে সন্ধ্যায় গৃহবধু বেলী রানী হাজং নিজ বসতঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে আদিবাসী গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

অন্যদিকে চালক মাসকু মিয়া একজন যাত্রী নিয়ে মোটরসাইকেলযোগে বিশ্বম্ভরপুর থেকে তাহিরপুর যাওয়ার সময় গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর নামক এলাকায় দুঘর্টনার শিকার হন। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুক মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত অপর আরোহী শাহরিন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও মধ্যনগর থানার এসআই অনিক চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 

Link copied!