ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন খান মুন বলেন, উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), গাজীপুরের শ্রীপুরের রুবাইয়া (২৯), টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০) এবং করোনায় মৃত হলেন ময়মনসিংহের হালুয়াঘাটের মোনালিসা (২৫)।
করোনা ইউনিটের ফোকাল পারসন আরও বলেন, আইসিইউতে ৮ জনসহ করোনা ইউনিটর মোট ৯২ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


































