সামজিক দূরত্ব মানছেন না অভিভাবকরা। রাজবাড়ী জেলা শহরের পৌর এলাকার প্রধান সড়ক লাগুয়া প্রাথমিক বিদ্যালয় রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চিত্র এটি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্কুলটির সামনে গিয়ে এই চিত্র দেখা যায়। এসময় অভিভাবকদের স্কুল গেটের সামনে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে এবং প্রধান সড়কের ওপর জটলা করে দাঁড়িয়ে বাচ্চার জন্য অপেক্ষা করতে দেখা যায়। আবার অনেক অভিভাবককে দেখা গেছে দূরে দাঁড়িয়ে বাচ্চার জন্য অপেক্ষা করছেন।
শিল্পী বিশ্বাস নামের এক অভিভাবক জানান, তিনি তার মেয়ের জন্য দাঁড়িয়ে আছেন। তার মেয়ে এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে। কিন্তু এভাবে স্বাস্থ্যবিধি না মেনে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো কথা বলতে রাজি হোন নি।
মো. চাঁদ নামের আরেক অভিভাবক জানান, তিনি তার ছেলের জন্য দূরে দাঁড়িয়ে আছেন। কারণ যেহেতু বিদ্যালয়ের সামনে জায়গা কম তাই সেখানে জটলা না করে দূরে থাকাটা তিনি নিরাপদ বলে মনে করেন। সকল অভিভাবকেরই স্বাস্থ্যবিধি মেনে দূরে অপেক্ষা করা উচিত।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, “আমরা বিদ্যালয়ের ভেতরের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখছি। আমরা অভিভাবকদের বারবার বুঝিয়েছি তবে, তারা স্কুল শুরুর সময় চলে গেলেও দেখা যাচ্ছে ছুটির সময় এভাবে জটলা করছে। আমরা বারবার নিষেধ করার পরও তারা আমাদের কথার কর্ণপাত করছে না।”
প্রধান শিক্ষক আরও বলেন, “উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন প্রতি শ্রেণী ৫ মিনিট পরপর ছুটি দেওয়ার জন্য। আমরা সেই মোতাবেক কাজ করছি। তারপরও অভিভাবকদের চাপ সামলানো কিছুটা মুশকিল হয়ে পড়ছে।”
আমাদের লোকবল কম রয়েছে, তারপরও আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে চেষ্টা করছি উল্লেখ করে জুন কক্স আরও বলেন, “এরপরেও যদি অভিভাবকেরা আমাদের কথা না শোনেন তাহলে আমি পুলিশ সুপারের কাছে আবেদন জানাবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্তের জন্য।”


































