মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশে নিউজ হওয়ার পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ৯৪ বছরের সেই বৃদ্ধা। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত মুছিরাম রাজবংশীর স্ত্রী মরনী রাজবংশী (৯৪)।
গত (১২ মে) ‘৯৪ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড’ এই শিরোনামে সংবাদ প্রকাশে নিউজ হওয়ার পর প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে মরনী রাজবংশীর নিজ বাড়ি মিরিকপুর গ্রামে গিয়ে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শুভঙ্কর সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃদ্ধা মরনী রাজবংশী বলেন, “এই বয়সে এসে ভাতার কার্ড পামু চিন্তাও করতে পারি নাই। আমি ভাতার কার্ড পেয়ে অনেক খুশি হইছি। ভাতার কার্ডের টাকা দিয়া আমি ঠিকমতো ওষুধ খাবার পারমু।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, “বয়স্ক মরনী রাজবংশীর বিষয়টি অনলাইন ও পত্রিকার মাধ্যমে জানতে পেরে দ্রুত উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেছি। শেষ তিন বছর ধরে কোনো বয়স্ক ভাতার কার্ড আসতেছে না। কেউ যদি মারা যায় তাহলে আমরা প্রতিস্থাপন করতে পারি।”








































