শেরপুরের ঝিনাইগাতীতে নানাবাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই শিশু। শুক্রবার সকাল দশটা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া না যাওয়ায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে মহারশি নদী থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






































