ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপন (২৫) নিহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুয়াগাজী এলাকার লালবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ওই ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।
এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আরোহী আহত হয়েছেন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রিপন নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





































