নারীরা গ্রামীণ অর্থনীতির মূল কারিগর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি আরও বলেছেন, “গ্রামীন অর্থনীতি ও জাতীয় অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান বিশ্বে নারীদের পিছনে রেখে কোথাও উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে যুব মহিলালীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রোববার (৩০ এপ্রিল) পাবনার বেড়ায় নিজ বাসভবনে সাঁথিয়া যুব মহিলালীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
মো. শামসুল হক টুকু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্যে সর্বপ্রথম নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের পদক্ষেপ গ্রহণ করেন। ২০৪১ সালের মধ্যে দেশেকে উন্নত, সমৃদ্ধশালী ও স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে হলে নারীর অবদানকে আরও বেশি করে সংযুক্ত করতে হবে।”
স্মার্ট বাংলাদেশের যাত্রায় নারীরা কোথাও পুরুষের তুলনায় পিছিয়ে নেই উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, “অনেক ক্ষেত্রে বরং নারীরাই এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে সর্বক্ষেত্রে নারীর জাগরণ হয়েছে। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের নিকট প্রশংসিত ও নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এই এলাকা থেকে স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করতেকার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই এলাকায় প্রফেসর লুৎফুন্নেসা নারী জাগরণে যে আন্দোলন শুরু করেছিলেন তার অনুসারীরা সেটি অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।”
মো. শামসুল হক টুকু আরও বলেন,“চাকুরিজীবী মায়েদের পাশাপাশি ঘরের অন্যান্য নারীরাও অর্থনীতিতে অবদান রাখছে। নারীর ক্ষমতায়নে সবার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম বাধ্যতামূলক করার মত নারীর গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা যুব মহিলালীগের সভাপতি আরিফা খানম শেফালীর সভাপতিত্বে জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কণা ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান।





































