আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালই ছিল লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। যদিও ৩৯ বছর বয়সী এই তারকা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি, তিনি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন কি না।
কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পারেদেস বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের ফাইনালই জাতীয় দলের হয়ে ছিল মেসির শেষ ম্যাচ। আগে থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমি চাই, সেটি সত্যি না হোক। আমি আশা করি, সে আরও খেলবে। শেষ সিদ্ধান্ত তারই। যে সিদ্ধান্ত তাকে আনন্দ দেবে। সেটিই আমাদেরও খুশি করবে।’
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি এমন বুট পরে খেলেন, যাতে লেখা ছিল, The Last Tango যার বাংলা অর্থ, শেষ ট্যাঙ্গো।
ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে চোখের জল নিয়ে মাঠ ছাড়েন মেসি। যা তার সম্ভাব্য বিদায়কে আরও জোরালো করে তুলেছে।
৩৯ বছর বয়সী মেসি এখনো জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপে আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন। পুরো টুর্নামেন্টে কেবল ফাইনালেই তিনি কোনো গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পারেননি।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মাধ্যমে ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্ত-সমর্থকরা।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সময়ে এসেছে অভাবনীয় সব মোড়। ক্যারিয়ারের শুরুর দিকে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনাল হার, কোপা আমেরিকার একাধিক শিরোপা হাতছাড়া হওয়ার পর অবসরও নিয়ে নিয়েছিলেন। কিন্তু ফিরে এসে দেখা পান স্বর্ণযুগের।
অন্ধকার সময় কাটিয়ে তিনিই আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক স্বর্ণযুগ। মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা জেতে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবারও দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টেনে নেন তিনি।
কিন্তু শেষটা রাঙাতে পারেননি। রীতিমত আকাশ ভেঙে পড়ার মতোই পারফরম্যান্সে মেসির শেষটা হয় বিষাদমাখা।





































