বিশ্বকাপ শেষে ইউরোপীয় ফুটবলে চলছে দলবদলের গুঞ্জন। গ্রীষ্মকালীন দলবদলকে ঘিরে নতুন করে জমে উঠেছে ক্লাবগুলোর লড়াই। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যামকে ঘিরে একাধিক সম্ভাব্য দলবদলের খবর প্রকাশ করেছে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম।
রদ্রিকে রাখতে চায় সিটি, নজরে রাখছে রিয়াল
স্কাই জার্মানির দাবি, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ও বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক হয়েছে। যদিও দুই ক্লাবের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
রদ্রি চলে গেলে তার বিকল্প হিসেবে লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে প্রায় ৯ কোটি ইউরো দিয়ে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে সিটি।
ভিনিসিউসকে নিয়ে লিভারপুল-রিয়ালের টানাপোড়েন
চুক্তি নবায়ন নিয়ে ভিনিসিউস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের মধ্যে সমঝোতা না হওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে লিভারপুল। ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে অলরেডরা।
এদিকে ভিনিসিউস চলে গেলে তার বিকল্প হিসেবে আরবি লেইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে নিতে প্রস্তুত রিয়াল। তবে তার মূল্য ধরা হয়েছে প্রায় ১২০ মিলিয়ন ইউরো।
ম্যাক অ্যালিস্টারকে নিয়ে চেলসির আগ্রহ
লিভারপুল প্রয়োজনে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বিক্রি করতে রাজি হতে পারে বলে দাবি করা হয়েছে। এদিকে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে চেলসি।
ব্রুনো গিমারায়েসকে ছাড়ছে না নিউক্যাসল
আর্সেনালের প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউক্যাসল। ক্লাবটি ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে ধরে রাখতে চায়।
ম্যানইউ ছাড়ছেন না ব্রুনো ফার্নান্দেজ
বিভিন্ন গুঞ্জনের বিপরীতে, এই গ্রীষ্মেই ব্রুনো ফার্নান্দেজকে বিক্রির কোনো পরিকল্পনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের।
ইয়ামালের পছন্দ পেদ্রো পোরো
বিশ্বকাপে একসঙ্গে খেলার পর টটেনহ্যামের রাইটব্যাক পেদ্রো পোরোকে দলে নিতে ব্যক্তিগতভাবে বার্সেলোনাকে অনুরোধ করেছেন লামিন ইয়ামাল। তবে স্পার্সের চাওয়া ৭৫ মিলিয়ন ইউরো দিতে অনিচ্ছুক কাতালান ক্লাব।
রিয়ালের নজরে মাইকেল অলিসে
বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে স্পেনে খেলতে আগ্রহী হলেও ২০২৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি থাকায় তিনি জোর করে ক্লাব ছাড়তে চান না বলে জানা গেছে।
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন
বার্সেলোনার সঙ্গে নাম জড়ালেও হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। এছাড়া সৌদি ক্লাব আল-হিলালের প্রস্তাবও নাকচ করেছেন ইংলিশ অধিনায়ক।
ডেম্বেলের দিকে আল-হিলাল
পিএসজি তারকা ওসমান ডেম্বেলে সৌদি আরবের আল-হিলালের আগ্রহের মধ্যে ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। এল ন্যাসিওনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফরাসি তারকার জন্য তিন বছরের চুক্তিতে বছরে ৮০ মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত আল-হিলাল।





































