ফরিদপুরে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিতাংশু ভৌমিক অংকুর নামের এক ছাত্রনেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। অংকুর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরতলীর অম্বিকা ময়দানের পাশে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। এঘটনায় আজ বিকালে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর শহরের অম্বিকা ময়দানে ঘুরতে যান। সেখানে তিনি দেখতে পান কিছু বখাটে কয়েকজন মেয়েকে উত্যক্ত করছে। এসময় অংকুর তাদের প্রতিবাদ করলে তার ওপর বখাটেরা অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় জেলা ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


































