• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

কলেজছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:০৪ পিএম
কলেজছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য লিটন বাড়ৈকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। আসামি লিটন জেলার ডাসার উপজেলার নবগ্রামের যুবরাজ বাড়ৈর ছেলে।

পুলিশ জানায়, অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে নিজ বাড়ি নবগ্রাম থেকে একই এলাকায় মামাবাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে যান লিটন।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা মাদারীপুর আদালতে দুইজনকে আসামি করে মামলা করেন। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ডাসার থানার এসআই অখিল তথ্যপ্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, আসামি লিটন মেম্বার এর আগেও ভিন্ন ধর্মের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় তিনি জামিনে ছিলেন।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, “আদালত থেকে আদেশ পেয়ে তাকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়।তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।”

Link copied!