ভোলা জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ভোলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আদালতের কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ভোলা শাখার সভাপতি মো. আকরাম আলী, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবিদুল আলম, মির মো. ইকবাল হোসেন, মো. আমির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “জজ ড. এ বি এম মাহামুদুল হক ভোলায় যোগদানের পর থেকে বিচার প্রার্থীগণ অতি অল্প সময়ে সঠিক ও ন্যায়বিচার পেয়েছেন। জজ ড. এ বি এম মাহমুদুল হক ভোলায় মাত্র এক বছর ৯ মাসে আদালতের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।”
বক্তারা আরও বলেন, “কিছু কুচক্রী মহলের প্ররোচনায় ন্যায়বিচারক ড. মাহমুদুল হককে অনাকাঙ্ক্ষিতভাবে বদলি করা হয়েছে।”
ভোলার মানুষের ন্যায়বিচারের স্বার্থে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবি জানান বক্তারা।





































