হিজড়া জনগোষ্ঠীকে সহায়তা দেবে শেরপুর জেলা প্রশাসন


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:৪৩ এএম
হিজড়া জনগোষ্ঠীকে সহায়তা দেবে শেরপুর জেলা প্রশাসন

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে হিজড়াদের জন্য গড়ে তোলা আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছগ্রামের মুক্তমঞ্চে এক মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এ মতবিনিময় সভা থেকে হিজড়াদের জন্য আর্থিক অনুদানসহ নানা ধরনের সহযোগীর ঘোষণা দেওয়া হয়।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোমিনুর রশীদ প্রধান অতিথি এবং পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সদর ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি হিজড়া প্রমুখ বক্তব্য দেন।

এদিন হিজড়াদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতা অর্জনের জন্য হিজড়া নিশি সরকারকে গরু কেনা বাবদ ৩০ হাজার টাকা এবং হিজড়া মোর্শেদাকে গাভী কেনার জন্য ৩৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া স্বপ্নের ঠিকানায় বসবাসকারী হিজড়াদের পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় এককালীন তহবিল হিসেবে ১ লাখ ৯২ হাজার টাকা এবং ঘূর্ণায়মান তহবিলের ঋণ প্রদানের জন্য আরও ৫ লাখ টাকার থোক বরাদ্দ প্রদান করে জেলা প্রশাসন। হিজড়াদের বিনোদনের জন্য একটি এলইডি টেলিভিশনও প্রদান করা হয়। 

সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপ্নের ঠিকানা হিজড়া গুচ্ছগ্রামের সব কটি ঘরের ভিটি পাকা করে দেওয়ার আশ্বাস দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা দু’টি সিলিং ফ্যান প্রদান করেন। 

অনুষ্ঠানে হিজড়াদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও জেলায় হিজড়াদের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা এবং সরকারের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তকরণের কাজ করায় নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এবং এর আহ্বায়ক আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর কমিটি জেলায় হিজড়াদের সংগঠিত করে স্থানীয় প্রশাসনের নজরে আনে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজার আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় দুই একর খাসজমির ওপর ওপর ৪০ জন হিজড়াদের বসবাসের জন্য সরকারিভাবে নির্মিত হয়েছে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর এ গুচ্ছগ্রাম। 

গত ৭ জুন ওই গুচ্ছগ্রামে হিজড়াদের পুনর্বাসন করে জমিসহ ঘর হস্তান্তর করে জেলা প্রশাসন। গুচ্ছগ্রামে বাসস্থানের সুযোগ পেয়ে ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি ছেড়ে আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছে শেরপুরের হিজড়ারা। কেউ কেউ হাঁস-মুরগি লালন-পালন, পশুপালন, খোলা জমিতে সবজি চাষ, পুকুরে মাছের চাষ, কাপড় সেলাইয়ের কাজ করছেন।

জেলা প্রশাসক মোমিনুর রশীদ জানান, হিজড়ারা যেকোনো কর্মমুখী উদ্যোগ নিলে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে এবং সব রকম সহযোগিতা প্রদান করবে। 

Link copied!