বসতঘরে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৮:২৩ এএম
বসতঘরে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামের বসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৪)। এ ঘটনায় গৃহকর্তা খোকন বসাককে (৪২) দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, “রাত ২টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আমাদের রাঙ্গুনিয়া ও আগ্রাবাদ স্টেশন আগুন নেভানোর কাজ করে।”

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর খোকন বসাক বাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা ভেতরেই পুড়ে মারা যান। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!