বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১১:১৪ পিএম
বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যার এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। নিহতরা হলেন- স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী তুলি ও আব্দুল খালেক।

পুলিশ ও এলাকাবাসী জানান, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুর পাড়ে বসে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থীর আহত হন। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত তুলি ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে, কালাদহ গ্রামের নিচপাড়ায় একই সময়ে বজ্রপাতে আ. খালেক নামের এক কৃষক নিহত হয়েছে। আছরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসার সময় ওই কৃষক বজ্রপাতে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


 

Link copied!