খুলনা জেনারেল হাসপাতালে থাকছে না করোনা ইউনিট


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৮:২৯ পিএম
খুলনা জেনারেল হাসপাতালে থাকছে না করোনা ইউনিট

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, “মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। নগরীর দোকান, মার্কেট ও যানবাহনে মাস্ক পরিধান নিশ্চিতে জনসচেতনতামূলক মাইকিং করা হবে। করোনা আক্রান্ত রোগী কমে যাওয়ায় খুলনা জেনারেল হাসপাতাল আর করোনা ডেডিকেটেড হাসপাতাল থাকছে না। এখানে আগের মতোই অন্যান্য সাধারণ রোগীর চিকিৎসাসেবা চালু করা হবে।”

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এ কথা বলেন।

সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

সভায় জানানো হয়, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে খুলনায় মোবাইলকোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। করোনা চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুইশত শয্যার করোনা ইউনিট ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট চালু থাকবে।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

Link copied!