পদ্মায় বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০২:০৩ পিএম
পদ্মায় বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে আবারও পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে পদ্মা পাড়ের মানুষের দুর্ভোগ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে রাজবাড়ী জেলার বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

পানি বৃদ্ধির ফলে নতুন করে ভাঙন বেড়েছে, ফলে আতঙ্কের মধ্যে দিন পার করছে পদ্মাপারের লোকজন। তবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে তৎপর রয়েছে।

রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, ২৬ আগস্ট থেকে পদ্মার পানি কমতে থাকলেও কিছুদিন ধরে আবারও বৃদ্ধি পাচ্ছে পদ্মার পানি। জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে, সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ আরও জানান, বিগত কয়েকদিনে পদ্মার পানি কমায় নিচু প্লাবিত অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছিল এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। তবে বুধবার থেকে আবার পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় জেলার বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অনেক এলাকায় পানিবন্দী থাকা মানুষের কাছে এখনও ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ করেছেন সেসব এলাকার বাসিন্দারা।

জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলার প্রায় ৬ হাজার পরিবারের কাছে ইতিমধ্যে ত্রাণ সহায়তা পৌঁছানো হয়েছে। বাকি  যতগুলো পরিবার রয়েছে তাদের কাছে সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব মতে, পদ্মায় পানি বৃদ্ধির ফলে জেলার সাড়ে ৭ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

Link copied!