রংপুরে বিএনপির সমাবেশ

মঞ্চ প্রস্তুত হচ্ছে, বাস ধর্মঘটে ভোগান্তি


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০২:৪৩ পিএম
মঞ্চ প্রস্তুত হচ্ছে, বাস ধর্মঘটে ভোগান্তি

রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (২৯ অক্টোবর)। এ জন্য প্রস্তুত হয়েছে সমাবেশ মঞ্চ। অন্যদিকে চলছে পরিবহন ধর্মঘট। এতে দলটির নেতাকর্মী ছাড়াও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে জেলা মোটর মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘট। চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভোর থেকে শুরু হওয়া বাস-ধর্মঘটে রংপুরের সঙ্গে বিভাগের সাত জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, মডার্ন-মোড় ও সাতমাথায় বাসের জন্য শত-শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি এক এম মোজাম্মেল হক সংবাদ প্রকাশকে বলেন, “ধর্মঘট বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, মহাসড়কে প্রশাসনিক হয়রানি, নসিমন-করিমন ভটভটিসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট।”

অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, দূর থেকে নেতাকর্মীরা যাতে সমাবেশ স্থলে না আসতে পারে এ জন্য সরকারের নির্দেশে বাস-ট্রাক বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, “সমাবেশকে ঘিরে এই ধর্মঘট দুঃখজনক। সরকার একদিকে বলছে সমাবেশে কোনো বাধা দেবে না অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশে ধর্মঘট দিয়ে নেতাকর্মীদের ভোগান্তিতে ফেলছে।”

বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, “সমাবেশে সরকার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর আগেও বিভাগীয় সমাবেশগুলোতে বাধা দিয়েও গণজোয়ার তৈরি হয়েছিল।”

ইতোমধ্যে রংপুর নগরীতে প্রবেশ করতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। বাস না চললেও বিভিন্ন জেলা উপজেলা থেকে মাইক্রো-অটো সিএনজি নিয়ে রংপুর আসছেন নেতাকর্মীরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!