কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা এবং কাঁধে বাবার লাশ বহনের ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাড়ে ১১ ঘণ্টার প্যারোল শেষে সোমবার বিকালে মোহাম্মদ শাহাদাৎ নবী খোকা নামের ওই আওয়ামী লীগ নেতাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য। একই দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যও ছিলেন তিনি।
বাড়ি চন্দনাইশ পৌরসভার মধ্যম হারলা এলাকায়। তার বাবা প্রায় ৯০ বছর বয়সী মোহাম্মদ নুর নবী গতকাল রবিবার সকালে মারা যান।
শাহাদাৎ নবী গত বছরের ১২ আগস্ট ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন। বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি। আজ সোমবার ভোর ৪টায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
দুপুর ১টার দিকে প্রিজন ভ্যানে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। পৌরসভার কেরাণিবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়।
ফেসবুকের ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা অবস্থায় শাহাদাৎ নবী সেই জানাজায় অংশ নেন। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যও দেন। এরপর মরদেহ দাফন শেষে আবার বাড়িতে ফিরেন। বেলা সাড়ে ৩টায় তাকে আবারও প্রিজন ভ্যানে তুলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বললেন, ‘বাবার মৃত্যুতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শাহাদাৎ নবীকে গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেন। বাড়িতে এসে জানাজায় অংশ নেওয়ার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’





































