স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:৫২ এএম
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

ফেনীর দুবাইপ্রবাসী মো. সোহেলকে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক স্ত্রী শিউলি আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (২১ আগস্ট) বিকেলে শিউলী আক্তারকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণকরা এলাকার ছট্টু মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার (২০ আগস্ট) সোহেলের মা নিরলা বেগম বাদী হয়ে সোহেলের স্ত্রী শিউলী বেগমকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে দুবাইপ্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রী সন্তানদের নিয়ে গভীর রাতে পালিয়ে যান। শুক্রবার সকালে জানাজানি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ।

নিহত মো. সোহেল (৩৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে। ৮ বছর আগে দেশে ফিরে তিনি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবুল কালামের মেয়ে শিউলি আক্তারকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রিহান (৭) ও জান্নাত (৪)।

Link copied!