বরগুনায় এক সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম খুচরা বাজারে প্রতি কেজিতে ৬০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১২০ টাকা। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌর কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের তুলনায় সব ধরনের কাঁচা পণ্যের দাম কমতে শুরু করেছে। বাজারে যে সবজিগুলো পাওয়া যায়, এগুলো বরগুনার বিভিন্ন উপজেলার কৃষকের উৎপাদিত পণ্য। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সবজি ও কাঁচা মরিচ পাঠিয়ে থাকে।
এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ ও অন্যান্য সবজি এসেছে বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে। শুক্রবার পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৪৫ টাকা কেজি দরে। অন্যান্য সব সবজি ৫০ টাকার নিচে রয়েছে। চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ রয়েছে বলে দাবি পাইকারি বিক্রেতাদের।
বরগুনা জেলা কাঁচা বাজার কমিটির সভাপতি ও পাইকারি বিক্রেতা আলামিন সংবাদ প্রকাশকে বলেন, “বরগুনাসহ দেশের বিভিন্ন বাজার স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ আগস্ট থেকে প্রতিবেশী দেশ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। এই অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। ১৪ দিনের ব্যবধানে খুচরা বাজারে ৬০ টাকা দাম বিক্রি হচ্ছে কাঁচ মরিচ।”




























