নিম্নচাপের প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এলেও লালদিয়া চরে ‘এফবি মা-বাবার দোয়া’ নামের একটি জেলেবিহীন মাছ ধরার ট্রলার ভাসতে দেখা গেছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সংবাদ প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, পাথরঘাটার দক্ষিণ বলেশ্বর ও বিষখালী নদীর মোহনা লালদিয়া চরে ট্রলারটি ভাসতে দেখেন এলাকাবাসী। তবে ট্রলারে কোনো জেলেকে দেখা যায়নি। ওই ট্রলারের জেলেদের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হয়নি।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করে সংবাদ প্রকাশকে বলেন, “ট্রলারটির নাম এফবি মা-বাবার দোয়া। ধারণা করা হচ্ছে, নিম্নচাপে সাগর উত্তাল থাকায় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে অথবা ইঞ্জিন বিকল হয়েছে।”
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক সংবাদ প্রকাশকে বলেন, “আমরা খবর শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”
























