• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

আওয়ামী লীগ নেতার বাবাকে হাত-পা বেঁধে হত্যা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০১:৩৩ পিএম
আওয়ামী লীগ নেতার বাবাকে হাত-পা বেঁধে হত্যা

বরিশাল নগরীতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলাম মঞ্জুর মোর্শেদ (৭৫) নিজ বাসায় খুন হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সিআইডিসহ গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল দফায় দফায় পরিদর্শন করেছেন।

মঞ্জুর মোর্শেদ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক পদে থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। গ্রামের বাড়িতে থেকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার প্র্যাকটিস করতেন। তার একমাত্র ছেলে জগলুল মোর্শেদ প্রিন্স ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওরোজ বারী জানান, দুই হাত পেছন থেকে এবং দুপা বাঁধা অবস্থায় নিজ শয়নকক্ষে মঞ্জুর মোর্শেদের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় একটি সাদা কাপড় বাঁধা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসার আসবাব তছনছ দেখা গেলেও কিছু খোয়া গেছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাসার পেছন দিকে একটি জানালার শিক ভাঙা থাকায় সেখান থেকে দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।

নওরোজ বারী আরও জানান, স্ত্রী রাবেয়া বেগম মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘটনার রাতে মঞ্জুর মোর্শেদ বাসায় একা ছিলেন। তার একমাত্র ছেলে জগলুল মোর্শেদ ২৮ নম্বর ওয়র্ডের ফিশারি সড়কের বাসায় থাকেন। ওই বাসায় মঞ্জুর মোর্শেদ আগে থাকলেও কয়েক বছর আগে ৩০ নম্বর ওয়ার্ডের চহঠায় নিজ বাড়িতে গ্রামীণ সড়কের পাশে তিন কক্ষের একটি আধাপাকা ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিদিন স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে হাঁটতেন মঞ্জুর মোর্শেদ। বৃহস্পতিবার সকালে মসজিদে না যাওয়ায় মুসল্লিরা বাসায় এসে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় তার ছেলেকে জানানো হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষের মধ্যে তার লাশ উদ্ধার করা হয়।

Link copied!