ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ ও উপসর্গে ছয়জন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩০। এ পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮২। জেলায় করোনায় মোট মারা গেছেন ৪০৮ জন। শনাক্ত ১৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় দুই, ভাঙ্গায় ৩৬, বোয়ালমারী ও সালথায় চারজন করে, নগরকান্দায় ও চরভদ্রাসনে তিনজন করে, মধুখালীতে ৩০, সদরপুরে ১৬ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি আটজন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৮ জন।







































