বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০১:৫৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

টাঙ্গাইল সদর উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষিকাজ করতেন ও তার ছেলে আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোরে চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তার আর্তচিৎকারে উদ্ধার করতে গিয়ে আইন উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!