আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৮:৪৩ পিএম
আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫
নিহত আব্দুল লতিফ মিয়া।

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে (৫৭) হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার একদিন পর নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা করেন। মামলা করার পর পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)।

মামলার অপর ৩ আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক হিরণ কুমার বিশ্বাস।

মামলার বাদী নিহত আব্দুল লতিফের স্ত্রী শেফালী আক্তার বলেন, “ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক শেষে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন লতিফ। এ সময় বাড়ির কাছাকাছি আসতেই আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তার বুকসহ শরীরের বিভিন্নস্থানে ৪টি গুলি করে তার স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।”

শেফালী আক্তার আরো বলেন, “এটা একটি পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ হত্যার আগ মুহুর্তে বিদ্যুতের লোডশেডিং করা হয় এবং গুলিবর্ষণের কিছু সময় পর বিদ্যুৎ আবারো চলে আসে।”

এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস বলেন, “ঘটনাস্থল থেকে একটি ইন্ডিয়ান পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে “

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!