ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ১২:২২ পিএম
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন অটোরিকশার যাত্রী। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার নারিকেলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে আবুল কালাম আজাদ (৪৪) ও সদর উপজেলার ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩০)।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি অটোরিকশা নারিকেলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ ও মিন্টু মিয়ার মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে দুইজন যাত্রী গুরুতর আহত হয়।

ওসি রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

Link copied!