বিশ্বকাপ শুরুর আগেই পেনাল্টির সুবাসে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:০৯ পিএম
বিশ্বকাপ শুরুর আগেই পেনাল্টির সুবাসে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি প্রাপ্তি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানো সেমিফাইনালে ৩২ মিনিটের পেনাল্টিতে ভিএআর পর্যন্ত হস্তক্ষেপ করেনি। এতে অবশ্য আর্জেন্টিনার শিরোপা জয়ের গৌরব ক্ষুণ্ন হয়নি, বরং যোগ্যতা দিয়েই ৩৬ বছর পর তারা শিরোপা জিতেছিল। আরেকটি বিশ্বকাপ শুরুর আগে ফের আর্জেন্টিনার সঙ্গে আলোচনায় পেনাল্টি।

যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার পর আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দুই ম্যাচে পাঁচটি গোল করার বিপরীতে একটাও হজম করেনি আর্জেন্টিনা। তবে পাঁচ গোলের দুটি এসেছে আবার পেনাল্টি থেকে। হন্ডুরাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ছিলেন লাউতারো মার্তিনেস। এরপর আজ আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন স্বয়ং লিওনেল মেসি।


এর মাধ্যমে বিশ্বকাপের মূলমঞ্চে একটি রেকর্ড গড়ার মহড়াও দিয়ে ফেললেন আর্জেন্টিনার কিংবদন্তি। ২০২২ কাতার বিশ্বকাপে স্পটকিক থেকে ৪টি গোল করে যৌথভাবে বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লিখিয়েছিলেন মেসি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আসরে আর একটি মাত্র গোল করলেই তিনি হ্যারি কেইন, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের ছাপিয়ে রেকর্ডের একক মালিক হয়ে উঠবেন।

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। সামাজিক মাধ্যমে ট্রোল হলেও দুটি প্রস্তুতি ম্যাচ জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে মেসির মাঠে নামা। তবে চোটাঘাতের ধাক্কা থাকলেও একাদশ গঠন নিয়ে দুশ্চিন্তা নেই বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
 

Link copied!