সাধারণত অনুশীলনের সময় শরীর গরম করার জন্য ফুটবল খেলে থাকেন ক্রিকেটাররা। কিন্তু অনেকটা ব্যতিক্রম ইংল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটে মেতে উঠছেন দলটির ফুটবলাররা। প্রস্তুতি জোরদার করার জন্য তারা আবারও বেছে নিয়েছেন এই ভিন্নধর্মী অনুশীলন।
বড় কোনো টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে দীর্ঘদিন ধরেই দলীয় বন্ধন দৃঢ় করতে এবং ফুটবল অনুশীলনের চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে ক্রিকেট খেলেন ইংল্যান্ডের ফুটবলাররা। বিশ্বকাপকে সামনে রেখে এবারও সেই চিত্র দেখা যাচ্ছে।
প্রশিক্ষণ ক্যাম্পে অবসরের সময়ে অধিনায়ক হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম ও জর্ডান পিকফোর্ডসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ফুটবল বুটের বদলে হাতে ক্রিকেট ব্যাট তুলে নিতে দেখা গেছে।
সমুদ্রসৈকতে ক্রিকেট, ছোট পরিসরের ওভারভিত্তিক প্রতিযোগিতা কিংবা অনুশীলন কেন্দ্রের আশপাশে অনানুষ্ঠানিক ম্যাচ—সব মিলিয়ে ক্রিকেট এখন ইংল্যান্ড দলের ক্যাম্পের পরিচিত এক অনুষঙ্গ। খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাবও ধরে রাখতে সাহায্য করছে এসব আয়োজন।
ইংল্যান্ডের ফুটবলার ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্কও সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে। দেশটির জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বিভিন্ন সময়ে ফুটবল দলের ক্যাম্পে সফর করেছেন। পাশাপাশি দুই দলের খেলোয়াড়রা একই অবকাঠামো ব্যবহার করার পাশাপাশি উচ্চ পর্যায়ের পারফরম্যান্স, নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা নিয়েও মতবিনিময় করেছেন।










![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)






