রাজনৈতিক উত্তেজনা ও দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন শেষে আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু ‘ক্রিকবাজ’ জানাচ্ছে, সফরটি নিয়ে ফের তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দ্বিপক্ষীয় এই সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হয়ে এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে দিল্লির মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কিছু সদস্যের একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কে নতুন করে শীতলতা তৈরি হয়েছে। এরপর গত ৮ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্লাটফর্ম দিচ্ছে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে—এই দুই বিপরীতমুখী অবস্থান একসঙ্গে চলতে পারে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিক্রিয়ার পরই ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেটে টানাপোড়েন শুরু হয়েছিল। সে সময় সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই মূলত টুর্নামেন্টটি বর্জন করেছিল বাংলাদেশ।
চলতি বছরের ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের বরফ গলবে এবং ভারত সফরে আসবে—এমন আশার আলো দেখছিল বিসিবি। বিশেষ করে বিসিবি সভাপতি তামিম ইকবালও এই সিরিজ আয়োজনের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কারণ ভারতের মতো ক্রিকেট পরাশক্তিকে আতিথ্য দেওয়া মানেই কেবল রোমাঞ্চকর লড়াই নয়, বরং বোর্ডের জন্য বিশাল আর্থিক লাভের সুযোগ।
কিন্তু বর্তমান বাস্তবতায় সেই আশা প্রায় ধূলিসাৎ হওয়ার পথে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘সাম্প্রতিক এসব ঘটনার পর আমি এই সিরিজ নিয়ে এখন সন্দিহান। আমি মনে করি না আমরা অন্য পক্ষ থেকে (সিরিজের বিষয়ে) কোনো সাড়া পাব। আর সত্যি বলতে কি, আগস্টের ২৮ তারিখের মধ্যে তো সব চূড়ান্ত হওয়ার কথা ছিল, আমাদের হাতে আর কদিন বাকি আছে?।’
সিরিজটি যে অনিশ্চিত হয়ে পড়েছে তা স্বীকার করে ওই কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি না (সিরিজটি পরিকল্পনা অনুযায়ী এগোবে)। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’ তবে আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিল না হওয়া পর্যন্ত আশা ছাড়া আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।





























