কলেজে পা রেখেছিলেন মাত্র ১০ বছর বয়সে। আর সেই তরুণই মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। নাম তার নাথান থমাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি নিশ্চিত করেছে, বর্তমানে ২১ বছর বয়সী নাথান যখন ২০২৩ সালের আগস্টে ফ্লরিডার মায়ামি ড্যাড কলেজে পড়ানো শুরু করেন, তখন তার বয়স ছিল ঠিক ১৮ বছর ৩৪৬ দিন।
মাত্র ১৮ বছর বয়সে শিক্ষকতা শুরু করে তিনি পুরুষ ক্যাটাগরিতে ইতিহাসে কনিষ্ঠতম অধ্যাপকের খেতাবটি নিজের করে নিয়েছেন। এই রেকর্ডটি দীর্ঘ ৩০৬ বছর ধরে দখলে ছিল আয়ারল্যান্ডের প্রখ্যাত গণিতবিদ কলিন ম্যাকলরিনের হাতে।
কলিন ১৭১৭ সালে ১৯ বছর বয়সে অধ্যাপক হয়েছিলেন। শুধু তাই নয়, ২০০৮ সালে আলিয়ার সাবুর ১৮ বছর ৩৬২ দিন বয়সে নারী ক্যাটাগরিতে সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার যিনি রেকর্ড গড়েছিলেন, নাথান তার চেয়েও ১৬ দিন কম বয়সে এই অনন্য উচ্চতায় পৌঁছান।
নাথান থমাসের একাডেমিক যাত্রার শুরুটা হয়েছিল মাত্র ১০ বছর বয়সে। তখন তিনি মায়ামি ড্যাড কলেজে ভর্তি হন। পরবর্তীতে ১৪ বছর বয়সে তিনি ফ্লরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন। ১৮ বছর বয়সের মধ্যেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বর্তমানে মায়ামি ল’ স্কুলের অধীনে আইন বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। ২০২৮ সালে তার এই আইনি শিক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে তিনি ‘স্টেম’ কেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক সম্পদ সংক্রান্ত আইন নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন।
সূত্র : ইউপিআই
































