ওয়ানডে ক্রিকেটের সোনালী অতীত পুনরুদ্ধারের লড়াইয়ে আরও একবার বড় হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট পেতে ব্যর্থ হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে আগামী বৈশ্বিক আসরে অংশ নিতে ক্যারিবীয়দের পাড়ি দিতে হবে বাছাইপর্বের কঠিন ও দীর্ঘ পথ।
আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য এই আসরে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। আরও আটটি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির দেওয়া ডেডলাইনের আগ পর্যন্ত ক্যারিবিয়ানদের এখনও দুটি ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে। সেটাও আবার ভারতের বিপক্ষে তাদের মাটিতে। এই ম্যাচ দুটি জেতা যে কতটা কঠিন হবে তা বলাই বাহুল্য। আর জিতলেও এখন তারা আর র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে উঠে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার মতো অবস্থানে যেতে পারবে না।
সম্প্রতি বেলফাস্টে আয়ারল্যান্ডকে কারিয়ে সরাসরি বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। এতেই কপাল পুড়েছে উইন্ডিজের। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে আরও রয়েছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গত ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়ে বাছাইপর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে বাছাইপর্ব পেরোতে না পেরে তারা প্রথমবারের মতো টুর্নামেন্টের মূলপর্বে খেলতে পারেনি, খেলা হয়নি চ্যাম্পিয়নস ট্রফিও।
এবারও সরাসরি সুযোগ হাতছাড়া হওয়ায় এখন ১০ দলের আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে লড়তে হবে একসময়ের পরাক্রমশালী দলটিকে। এই টুর্নামেন্টে আয়ারল্যান্ড, সিডব্লিউসি লিগ টু-এর শীর্ষ পারফর্মার এবং কোয়ালিফায়ার প্লে-অফ থেকে উঠে আসা দলগুলোর মুখোমুখি হবে তারা। কিন্তু বাছাইপর্বও ক্যারিবিয়ানদের জন্য অতটাও সহজ হবে না, মানতে হবে কিছু শর্ত।
প্রথমত, বাছাইপর্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি মিলবে বিশ্বকাপের টিকিট। চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলে ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই বাছাইপর্বের শীর্ষ চারের মধ্যে থাকতে হবে। শীর্ষ চারে থাকতে পারলে তারা ‘সুপার সিরিজ’ প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাবে, যেখান থেকে বিজয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট। যদিও প্লে-অফের চূড়ান্ত ফরম্যাট এখনও চূড়ান্ত করা হয়নি, তবে আট দলের এই পর্ব থেকে সেরা দলগুলোর লড়াইয়েই নির্ধারিত হবে ২০২৭ বিশ্বকাপের ভাগ্য।































