টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচ হেরে ভারতের ভাগ্য ছিল অনিশ্চিত। তৃতীয় ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত। শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান সুনিশ্চিত করার কাজটি চালিয়ে যাচ্ছে তারা। দলের অধিনায়ক বিরাট কোহলিও পেলেন অন্য রকম উপহার।
শুক্রবার ছিল ভারত দলের অধিনায়ক কোহলির ৩৩তম জন্মদিন। নিজের সেরা দিনে দলের থেকেও পেলেন সেরা উপহার। মাত্র ৬.৩ ওভার খরচায় স্কটিশদের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে বিশাল ব্যবধানে জিতে রানরেটে গ্রুপের অন্য দলগুলোকে পেছনে ফেলেছে তারা।
বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের সামনে সুযোগ সেমি ফাইনাল খেলার। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে আছে পাকিস্তান, ৮ পয়েন্ট নিয়ে। যদিও দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তবে তারা রানরেটে আফগানদের নিচে অবস্থান করছে।
পাকিস্তান টপকে গেছে সবাইকে। তাদের সেমি ফাইনাল সুনিশ্চিত। সুতরাং রানরেটের হিসাব তাদের করতে হবে না। ভারতের রানরেট ১.৬১। কিউইদের রানরেট ১.২৭। অন্যদিকে চারে থাকা আফগানিস্তানের রানরেট ১.৪৮। এখন পরের ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমির পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তখন পরের ম্যাচে নামিবিয়াকে হারালেই চলবে। আর যদি নিউজিল্যান্ড জিতে যায়, তবে ভারতের সেমি ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে।





































