চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।
মহাসচিব বলেন, “বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, ‘‘সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে?
জবাবে বিএনপি মহাসচিব বলেন , “দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশির ভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গায়গুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না।
এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।
অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের সফলতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ, অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।
নতুন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে আছেন মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।




































