তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ভোলায় যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাসকে দক্ষিণাঞ্চলে শিল্প কল-কারখানানির্ভর একটি পরিকল্পনার মধ্যে কীভাবে আনা যায় এবং কীভাবে তা ছড়িয়ে দেয়া যায় এ চিন্তা অত্যন্ত জরুরি।
যারা এ বিষয়ে চিন্তা করতে সমর্থ, তাদের উদ্বুদ্ধ করতে হবে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এ অঞ্চলে কীভাবে শিল্পায়ন ছড়িয়ে দেয়া যায়, তা নিয়ে দক্ষ ও চিন্তাশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলার গ্যাস নিয়ে তিনি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নেতাদের উদ্দেশে বলেন, ‘পেশাগত কারণে আপনারা অনেক তথ্য সংগ্রহ করেন। আপনারা এ তথ্যগুলোকে জড়ো করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের একটি স্বপ্নের ‘‘ধারণাপত্র’’ বা পরিকল্পনাপত্র তৈরি করতে পারেন। এটি আমাদের মতো নীতিনির্ধারকদের ওপর একটা ইতিবাচক মানসিক চাপ তৈরি করবে।’
দক্ষিণাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভাঙ্গা পর্যন্ত ছয় লেনের রাস্তা হওয়ার পর বাকি পথ এখনো চ্যালেঞ্জিং। কুয়াকাটার মতো বিশাল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এর পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উদ্যোগের ঘাটতি রয়েছে। বিমান চলাচলেরও সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন। এ বিষয়গুলোকে সামগ্রিক উন্নয়নের ফ্রেমে নিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া।
বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সংগঠনের শীর্ষ নেতারা এবং ঢাকায় বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




































