পাকা কলা দীর্ঘদিন টাটকা রাখার সহজ উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:২৮ পিএম
পাকা কলা দীর্ঘদিন টাটকা রাখার সহজ উপায়

সহজলভ্য ও পুষ্টিকর ফল হলেও কলা সংরক্ষণ নিয়ে অনেকেরই ভোগান্তি রয়েছে। বাজার থেকে আনা পাকা কলা কয়েক দিনের মধ্যেই নরম হয়ে যায়, খোসায় পড়ে কালচে দাগ—ফলে দ্রুত নষ্ট হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ কৌশল মেনে চললে পাকা কলা অনেকদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।

কলা দ্রুত পাকার মূল কারণ হলো ‘ইথিলিন গ্যাস’। এই গ্যাস ফল নিজেই নির্গত করে এবং আশপাশের ফলকেও দ্রুত পাকিয়ে তোলে। তাই সংরক্ষণের কৌশলগুলো মূলত এই গ্যাস নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা কমানোর ওপর নির্ভর করে।

লবণ-পানিতে ধোয়া

কলা সংরক্ষণের কার্যকর একটি উপায় হলো লবণ-পানিতে ধোয়া। পরিষ্কার পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে তাতে কলার থোকা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। এরপর খোসা ও ডাঁটা আলতোভাবে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ঝুঁকি কমে এবং পচন ধীর হয়।

ডাঁটা মুড়িয়ে রাখা

কলা থেকে ইথিলিন গ্যাস মূলত ডাঁটার অংশ দিয়ে বের হয়। তাই ডাঁটায় প্লাস্টিক র‍্যাপ বা অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে রাখলে পাকানোর গতি কমে যায়।

ঝুলিয়ে রাখা সবচেয়ে ভালো

ঝুড়ি বা টেবিলে রাখলে নিচের কলাগুলো চাপ পড়ে নষ্ট হতে পারে। এজন্য কলা ঝুলানোর হ্যাঙ্গার ব্যবহার করলে বাতাস চলাচল ঠিক থাকে এবং কলা দীর্ঘসময় ভালো থাকে।

আলাদা করে সংরক্ষণ

আপেল, অ্যাভোকাডো ও টমেটোর মতো ফল থেকেও বেশি ইথিলিন নির্গত হয়। এসব ফলের পাশে কলা রাখলে তা দ্রুত পেকে যায়। তাই কলা আলাদা করে রাখাই ভালো।

কাগজ বা ঝুড়ি ব্যবহার

প্লাস্টিকের পাত্রে আর্দ্রতা জমে ছত্রাক তৈরি হতে পারে। তার বদলে খবরের কাগজে মুড়িয়ে বা বাঁশের ঝুড়িতে রাখলে কলা তুলনামূলক বেশি দিন টাটকা থাকে।

ফ্রিজে রাখার ক্ষেত্রে সতর্কতা

অনেকে পাকা কলা ফ্রিজে রাখেন। এতে ভেতরের অংশ ভালো থাকলেও খোসা দ্রুত কালো হয়ে যায়। তাই ১৩–১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ ফ্রিজের বাইরে রাখাই বেশি উপযোগী।

অতিরিক্ত পেকে গেলে কী করবেন

কলা বেশি পেকে গেলে খোসা ছাড়িয়ে শাঁস এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যায়। পরে এটি স্মুদি, কেক বা বিভিন্ন ডেজার্ট তৈরিতে ব্যবহার করা সম্ভব।

Link copied!