একসময় সম্পর্কের শুরুতে অর্থকড়ির আলোচনা ছিল প্রায় নিষিদ্ধ। প্রেম মানেই ছিল আবেগ, অনুভূতি আর রোমান্স। কিন্তু সময় বদলেছে—এখন সেই জায়গায় বড় হয়ে উঠছে ‘আর্থিক সচ্ছতা’।
বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড ও মিলেনিয়ালরা, সম্পর্কের ক্ষেত্রে নতুন এক দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে। তাদের কাছে সঙ্গীর আয় কত—তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই অর্থ কীভাবে ব্যবস্থাপনা করা হয়। অর্থাৎ, আয় নয়; বরং খরচ, সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাসই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সম্পর্কের শুরুতেই খোলামেলা আলোচনা
এক সময় যেসব বিষয় নিয়ে কথা বলা অস্বস্তিকর মনে করা হতো, এখন সেগুলোই সম্পর্কের শুরুতে আলোচনার অংশ হয়ে উঠছে। অনেক তরুণ-তরুণী এখন সম্পর্কের কয়েক সপ্তাহের মধ্যেই সঙ্গীর আয়, ব্যয়, সঞ্চয় ও ঋণ নিয়ে খোলামেলা কথা বলছেন।
আটলান্টাভিত্তিক এক মিলেনিয়ালের মতে, “টাকা জীবনের এমন একটি অংশ, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বরং এ বিষয়ে খোলামেলা আলোচনা বিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে আরও গভীর করে।”
আয় নয়, গুরুত্ব পাচ্ছে ব্যবস্থাপনা
তরুণদের মধ্যে এখন একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে—উচ্চ আয় থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং একজন মানুষ তার আয়ের সঙ্গে কীভাবে মানিয়ে চলে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
এমনও দেখা যাচ্ছে, আয়ের পার্থক্য থাকা সত্ত্বেও অনেক দম্পতি সফলভাবে সম্পর্ক গড়ে তুলছেন, কারণ তাদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল রয়েছে। বিয়ের আগেই তারা প্রি-নাপশিয়াল চুক্তি, বিনিয়োগ পরিকল্পনা কিংবা ঋণের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করছেন।



























