টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ফিরছে একেবারে শূন্য হাতে। বাছাইপর্বের দুই ম্যাচ জিতলেও মূল পর্বে বলার মতো সাফল্য নেই বাংলাদেশের ঝুলিতে। একের পর এক ম্যাচ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে দল, বিশেষ করে দলের কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচ জিতলে অন্তত একটা জয় নিয়ে ফিরত টাইগাররা। কিন্তু হয়নি। উল্টো প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ, যা দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
স্বাভাবিকভাবেই দলের এমন শোচনীয় অবস্থায় মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, “অধিনায়কত্বের ব্যাপারে মন্তব্য করতে চাই না। আমি এটা নিয়ে ভাবছি না। এসব নির্বাচকরা ঠিক করবে। আমি দলটাকে একসঙ্গে রাখার চেষ্টা করেছি। হয়তো আমার দিক থেকে সীমাবদ্ধতা ছিল।”


































