ক্লাব কিনেছেন আগেই। এবার স্টেডিয়ামও বানিয়ে ফেলছেন লিওনেল মেসি! জন্মস্থান রোসারিওর কাছেই সান্টা ফে প্রদেশের আলভেয়ারে ১৫,০০০ আসনবিশিষ্ট একটি নতুন স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে তার পরিবার। 'এস্তাসিয়ন লিওনেস' নামের এই বিশাল প্রকল্পটি ১২৮ একর জমির ওপর গড়ে তোলা হবে।
এই মেগা প্রকল্পে স্টেডিয়ামের পাশাপাশি থাকছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক স্থান। স্টেডিয়ামটি হবে ‘লিওনেস ফুটবল ক্লাব’-এর নতুন স্থায়ী হোম গ্রাউন্ড। এই ক্লাবটি মেসি পরিবারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং বর্তমানে লিওনেল মেসির বড় ভাই মাটিয়াস মেসি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পূর্ণ প্রকল্পের ১২৮ একরের মধ্যে প্রায় ২২ একর জমি বরাদ্দ করা হয়েছে লিওনেস ক্লাবের প্রধান কার্যালয়, আধুনিক ক্রীড়া সুবিধা এবং স্টেডিয়াম নির্মাণের জন্য।
বর্তমানে আর্জেন্টিনার ফুটবলের 'প্রিমেরা সি' বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে লিওনেস ক্লাব। তবে নিজেদের কোনো স্টেডিয়াম না থাকায় এতদিন অন্য ভেন্যুতে গিয়ে ক্লাবটিকে তাদের হোম ম্যাচগুলো খেলতে হতো।
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ বাড়ায় ক্লাবটির একটি নিজস্ব স্টেডিয়াম যেন অপরিহার্য হয়ে ওঠে।
ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর দানিয়েল কিনতেরোস প্রকল্পের অগ্রগতি নিয়ে জানান, 'সবকিছুই মেসি পরিবারের সুনাম ও মান বজায় রেখে নিখুঁতভাবে তৈরি করা হবে। এটি কোনো সাধারণ বা তড়িঘড়ি করা কাজ হবে না। আশা করছি আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এবং দর্শকরা এই স্টেডিয়ামটি উপভোগ করতে পারবেন।'
নতুন এই স্টেডিয়ামটি কেবল ফুটবল ম্যাচের মধ্যেই সীমিত থাকবে না। আর্জেন্টিনার ব্যবসায়িক সংবাদমাধ্যম আইপ্রফেশনালের মতে, বছরজুড়ে বিভিন্ন কনসার্ট, বড় মাপের মেগা শো এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের উপযোগী করে এটি প্রস্তুত করা হচ্ছে।
প্রকল্পটির সূচনা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ২০২৫ সালের ডিসেম্বরে, যখন আলভেয়ারের মেয়র কার্লোস পিঘিন গ্রেটার রোসারিও এলাকায় মেসি পরিবারের স্টেডিয়াম পরিকল্পনা সংক্রান্ত আলোচনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে স্পোর্টস দৈনিক পত্রিকা ওলে জানায়, সেই সময়ে প্রকল্পটির স্থান ও চূড়ান্ত নকশা প্রক্রিয়াধীন ছিল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সূত্রে আরও জানা যায়, ‘এস্তাসিয়ন লিওনেস’-এর মাস্টার প্ল্যানে মোট ৫১০টি আবাসিক প্লট রাখা হয়েছে। এর মধ্যে ৩০০টি ওপেন রেসিডেনশিয়াল প্লট এবং ২১০টি সব ধরনের নাগরিক সুবিধাসংবলিত গেটেড কমিউনিটি প্লট। এ ছাড়া রিটেইল বা খুচরা ব্যবসার জন্য প্রায় ১৯,৩৭৫ বর্গফুটের আটটি বাণিজ্যিক প্লট রাখা হয়েছে।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বজুড়ে হোটেল, রিয়েল এস্টেট, রেস্তোরাঁ, পোশাক ও পানীয় খাতে মেসির অনেক বিনিয়োগ রয়েছে। নিজ দেশ আর্জেন্টিনাতে তার মূল বিনিয়োগ রোসারিওতেই সীমাবদ্ধ।
সেখানে সাবেক জাতীয় দল সতীর্থ দি মারিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা 'কারাসকো এম' নামক বিলাসবহুল আবাসিক প্রকল্পসহ রেস্তোরাঁ ও মিডিয়া খাতে মেসির একাধিক ব্যবসা সফলভাবে পরিচালিত হচ্ছে।

































