ক্রিকেট মাঠে অপেশাদার আচরণ কিংবা নিয়ম ভঙ্গের কারণে ক্রিকেটারদের সাজা দিয়ে থাকেন আম্পায়াররা। তবে আইনের সেই রক্ষক নিজেই যখন বিধি ভঙ্গ করেন তখন বিচারের ভার পায় সর্বোচ্চ কর্তৃপক্ষ।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানা কিংবা জৈব বলয় ভেঙে স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর কারণে প্রায় সময়ই খেলোয়াড়দের সাজা দিয়েছে থাকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবার টি২০ বিশ্বকাপ চলাকালীন সেই সাজা পেলেন এক আম্পায়ার।
বিশ্বকাপে আগামী ছয় দিনের জন্য ম্যাচ পরিচালনায় নিষেধাজ্ঞা পেয়েছেন আম্পায়ার মাইকেল গফ। আইসিসি-র জৈব সুরক্ষা কমিটির বিবৃতিতে এই তথ্য জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আইসিসি-র এক মুখপাত্র বলেন, “আম্পায়ার মাইকেল গফকে ছয় দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠিয়েছে কমিটি। জৈব সুরক্ষার বলয় নিয়ম ভাঙার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার মনে করে হয় গফকে। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে আন্তর্জাতিক ম্যাচের পরিবর্তে হোটেল রুমেই থাকতে হবে তাকে। ছয় দিনের কোয়ারেন্টিন শেষে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই ম্যাচ পরিচালনায় ফিরতে পারবেন গফ।
এর আগে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও মাঠে নামতে দেওয়া হয়নি গফকে। তার বদলে মাঠে ছিলেন মারাইস ইরাসমাস। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে তাকে জরিমানা করা হয়েছে কি না সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
































